সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেধাবী তরুণ আলেম ও টেলিভিশন আলোচক মুফতি মাহমুদ হাসান আরিফ।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সানাড়পার ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
মাহমুদ হাসান আরিফ ছিলেন মালিবাগ মাদরাসার কৃতী শিক্ষার্থী। পরবর্তী সময়ে তিনি পাকিস্তানের করাচিতে উচ্চতর ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন এবং বিখ্যাত আলেম স্কলার মুফতি তাকী উসমানীর সান্নিধ্য লাভ করেন। শিক্ষাজীবনে মেধা, বিনয় ও অধ্যবসায়ের কারণে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে প্রিয় শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
মাহমুদ হাসান আরিফ ছিলেন মসজিদের খতিব, বিভিন্ন টেলিভিশনের নিয়মিত আলোচক, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধার এবং বিভিন্ন সামাজিক ও উম্মাহকেন্দ্রিক কার্যক্রমের উদ্যোক্তা। রাজধানীর উত্তর রসুলবাগ জামে মসজিদে দীর্ঘদিন খুতবা দিয়েছেন।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত মিশুক, বিনয়ী ও বন্ধুবৎসল। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদ হাসান আরিফের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর শরীয়তপুরের পণ্ডিতসার এলাকায় ঢালি বাড়ি, বড়ইতলা রোডে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেবি





