আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও গুমের ঘটনার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাত ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- গুমের বিচার ও তদন্ত প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে রেখে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালনা করা। একই সঙ্গে অভিযুক্ত বাহিনীকে তদন্তের দায়িত্ব না দেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গুমের অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং নির্দেশদাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাস্তবায়নে সময়সীমাবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর অগ্রগতি জনসম্মুখে প্রকাশের দাবিও জানায় সংগঠনটি।
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ভুক্তভোগী পরিবারকে সত্য জানার অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা; জাতীয় মানবাধিকার কমিশনকে প্রকৃত স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা দেওয়া এবং আয়নাঘরসহ গোপন আটককেন্দ্রের প্রমাণ সংরক্ষণ ও নথিভুক্ত করা।
পাশাপাশি ভবিষ্যতে এসব স্থানকে স্মৃতি ও নথি সংরক্ষণ কেন্দ্র হিসেবে সংরক্ষণের দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সম্প্রতি বাগেরহাটে গুমের শিকার মিরাজ শেখের সন্ধান দাবি করেন। একইসঙ্গে মিরাজ শেখের ঘটনায় দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এসএইচ/এএইচ



