জাতীয় সংসদ ভবনের সামনে ব্যাগ ছিনতাইকালে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কখন ও কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। দুজনের সম্পর্কে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ ব্রিফিং ডাকা হয়েছে। বিকেল ৪টায় এই ব্রিফিং হবে।
গ্রেফতার প্রধান সন্দেহভাজনের নাম মো. পনি ওরফে প্যারা পনি। তার সহযোগীর নাম জানা যায়নি।
গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মারা যান রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একেএস/এমআর




