ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বসছে। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি এবং মনোযোগ আকর্ষণসহ বিভিন্ন বিষয় রয়েছে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি উপস্থাপন করা হবে। সংসদের কার্যপ্রণালি-বিধির ১৫ক বিধি অনুযায়ী এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পরে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশগুলোর ওপর আলোচনা হবে। এ পর্বে তিনটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মনোযোগ আকর্ষণ করবেন সংসদ সদস্যরা।
প্রথমে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবারক আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান’ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
এরপর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ‘দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ’ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
সবশেষে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ ‘ডিজিটাল বাণিজ্য খাতে আর্থিক কেলেঙ্কারি’ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
দিনের কার্যসূচির শেষ পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয় রয়েছে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, এসব কার্যক্রমের মধ্য দিয়েই আজকের বৈঠক শেষ হবে।
টিএই/এফএ




