গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়ায় ও দক্ষ চালক তৈরির প্রশিক্ষণে নিজেদের সম্পৃক্ত করতে চাইছেন দেশের বৈধ ড্রাইভিং স্কুল মালিকরা। একইসঙ্গে তারা দেশের অবৈধ ড্রাইভিং স্কুলের বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ড্রাইভিং ট্রেনিং স্কুল সোসাইটি এক আলোচনা সভায় এসব দাবি জানিয়েছে।
এদিন দুপুরে রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর নবী শিমু।
তিনি বলেন, দেশে দক্ষ গাড়িচালক তৈরিসহ সড়কে নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচির সঙ্গে এই সংগঠন যুক্ত রয়েছে। সরকারের সঙ্গে বিভিন্ন কর্মসুচি যৌথভাবে বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। ড্রাইভিং স্কুল মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা সরকারের কাছে লিখিতভাবে দাবি জানাব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জিয়াউল হক, ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার, সংগঠনের দুর্ঘটনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ইনজামামুল হক রামীম, সংগঠনের সদস্য মাসুদুল ইসলাম কমল, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, লিটন হাবীব।
অনুষ্ঠানে ড্রাইভিং স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা সরকারের কাছে বিভিন্ন দাবি জানাবেন বলে উল্লেখ করেন।
এছাড়া ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনতে সরকারের পাশপাশি ড্রাইভিং স্কুলের মালিকরাও সারাদেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এএইচ



