রাজধানীর পল্লবী এলাকায় মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, বিহারী ক্যাম্পে মৃতদেহে গোসলের জায়গা নির্মানে বাঁধা দিয়ে ৫ রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পল্লবী তালাব ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মৃতদেহের গোসলখানা তৈরিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ, ঘটনার নেপথ্যে বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু জড়িত। তিনি আধিপত্য বিস্তারে ক্যাম্পের বাসিন্দাদের মৃতদেহ গোসল করানোর জায়গা তৈরিতে বাধা দেন। এছাড়া তার পালিত বাহিনী দিয়ে গোসলঘর তৈরি করতে আসা জামায়াতের কর্মীদের ওপর হামলা করে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে।
সংঘর্ষে জামায়াতের কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী ও ফাক্কুর নেতৃত্বে বিএনপি, ছাত্রদলের ২০০-৩০০ জন নেতাকর্মী ছিলেন। এসময় ক্যাম্পের বিএনপি নেতা ফাক্কুর নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগ।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা আমাদের জানা নেই। শুনেছি ক্যাম্পের ভেতরে গোলাগুলি হয়েছে। তবে আমরা এখনো ঘটনার সত্যতা পাইনি।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
একেএস/এএইচ



