শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

গুম-খুন ও নির্যাতনে বিশ্বাস করে না সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

গুম-খুন ও নির্যাতনে বিশ্বাস করে না সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

বিরোধীদল মেঠো বক্তৃতায় নানা অভিযোগ করতে পারে, তবে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার কোনো গুম, খুন বা নির্যাতনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশে আর কোনো গুম, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘন না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে। সরকার চায়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানও গুম-খুন ও নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি নিজেও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন মন্ত্রী।’

আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ সময়ের নির্যাতনে খালেদা জিয়া শারীরিকভাবে এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে, হয়তো আরও অনেক দিন দেশের জন্য কাজ করার সুযোগ পেতেন। তবে গণতন্ত্র ও দেশের প্রশ্নে তিনি আপস করেননি।’

বিরোধীদের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিরোধীরা মেঠো বক্তৃতায় নানা কথা বলতে পারেন। তবে তিনি দৃঢ়ভাবে বলতে চান, বর্তমান নির্বাচিত সরকার জনগণের সরকার। কোনো গুম, খুন বা নির্যাতনে এই সরকার বিশ্বাস করে না।’

এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইঞ্জিনিয়ার্স কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আগামীকালের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এদিকে, অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা এবং তাদের গাড়ি প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা গেটের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং নিজের, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন।’

মন্ত্রী বলেন, শুধু দুঃখপ্রকাশ করেই বিষয়টি শেষ করা হবে না। কেন সাংবাদিকদের রোদে দাঁড় করিয়ে রাখা হলো, কেন তাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি এবং কারা এ কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভবিষ্যৎ আয়োজনগুলোতে সাংবাদিকরা যাতে কোনো ধরনের অসহযোগিতার শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর