সারাদেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব লুট হওয়া অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে সরকার ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে বলে জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন সালাউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র কোথাও মজুত বা কারও কাছে রয়েছে-এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় কর্মক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সহায়তার বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নানা বিষয়ের চাহিদার কথা তুলে ধরেন। এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমআর




