বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স’।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে নবগঠিত এই সংগঠনের পরিচিতি সভা ও 'শিক্ষা খাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা রাফ মাহাদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের সদস্য সচিব ড. শামীম হামিদি, ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দিন, অধ্যক্ষ-ঊপাধ্যক্ষ ফেরামের মহাসচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এম এ মান্নান মনির, মারজান আকতার প্রমুখ।
আরও পড়ুন: কারও ৯৯ হাজার, কারও সাড়ে ৩ লাখ—অবসর ভাতায় এত ফারাক কেন?
আলোচনা সভায় বক্তারা শিক্ষা খাতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু, বাজেট ও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ, শিক্ষক বদলি ও পদোন্নতির নীতিমালায় বৈষম্য নিরসন এবং বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি ও বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, দেশের বিপুলসংখ্যক বেসরকারি শিক্ষক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবিগুলো যথাযথভাবে উপস্থাপনের পাশাপাশি শিক্ষা খাতে ইতিবাচক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্যেই এই অ্যালায়েন্স গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বৈষম্য নিরসন এবং একটি স্বচ্ছ ও শিক্ষকবান্ধব পরিবেশ গঠনে সংগঠনটি সোচ্চার থাকবে।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং শিক্ষক সমাজের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি সভায় বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিইউ/এআরএম




