ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় ঢাকার ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যবাহী খাবার, পুরোনো দিনের বাহন এবং নগরজীবনের বিভিন্ন অনুষঙ্গ বড় ক্যানভাসে তুলে ধরা হয়। এতে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।
শোভাযাত্রায় ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িত বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকেও তুলে ধরা হয়। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রের আদলে সাজেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া পুরান ঢাকার খাবারের ঐতিহ্য বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতিও ছিল শোভাযাত্রায়। ঢাকার পুরোনো যাতায়াত ব্যবস্থার স্মৃতি তুলে ধরতে প্রদর্শন করা হয় স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকি।
শোভাযাত্রা শেষে নগরভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।
শোভাযাত্রাকে ঘিরে পুরান ঢাকার বিভিন্ন সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বর্ণিল পোশাকে অংশ নেওয়া মানুষের আনন্দ-উচ্ছ্বাসে শোভাযাত্রাটি পরিণত হয় প্রাণবন্ত এক আয়োজনে।
এমএইচ/এমআই




