শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সংস্কার কাজ শেষ, চলাচলের জন্য উন্মুক্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

সংস্কার কাজ শেষ, চলাচলের জন্য উন্মুক্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
রাজধানীর কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজটি সংস্কারের পর আবারও চলাচলের জন্য খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছবি: ঢাকা মেইল

রাজধানীর কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজটি সংস্কারের পর আবারও চলাচলের জন্য খুলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনের মধ্যে ব্রিজটির সংস্কারকাজ শেষ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ব্রিজটির উদ্বোধন করেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, ১৪৫ মিটার দীর্ঘ এবং ৪ দশমিক ২ মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এতে প্রতিদিন ব্রিজটি ব্যবহারকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছিল।

786826876_1683177109430076_2178362177322981291_n

সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন। ফলে দ্রুততম সময়ে সংস্কারকাজ শেষ হওয়ায় বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করছে ডিএসসিসি।

ডিএসসিসি জানিয়েছে, ব্রিজটি সংস্কারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলসংক্রান্ত দুর্ভোগের অবসান হবে। একই সঙ্গে জরাজীর্ণ অবস্থা থেকে ব্রিজটি সংস্কার করায় পথচারীদের নিরাপত্তাও বাড়বে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ শেষ করা হয়েছে। এটি নগরবাসীর চলাচল নিরাপদ করার ক্ষেত্রে ডিএসসিসির আন্তরিকতার প্রমাণ।’

785279883_1943874189626424_745771809478509305_n

তিনি বলেন, ‘কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংস্কারের পর ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। প্রশাসক জানান, এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর