বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন

দীর্ঘ সাড়ে ৯ বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর নতুন ভূমিকায় যাচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটির ৬৮তম বোর্ড সভায় ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ড. ফাহমিদা খাতুনের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত রয়েছেন ড. ফাহমিদা খাতুন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত সাড়ে ৯ বছরের দায়িত্বকালে তার নেতৃত্বে সিপিডির গবেষণা কার্যক্রমের পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিপিডির তথ্য অনুযায়ী, তার নেতৃত্বে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও বেড়েছে। সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এ সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা সম্প্রসারণ, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে সিপিডি।

সিপিডিতে যোগ দেওয়ার আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশনে ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন ড. ফাহমিদা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. ফাহমিদা খাতুন। পরে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন। সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর তার গবেষণার প্রধান ক্ষেত্র।

দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের বহুমাত্রিক ঝুঁকিপ্রবণতা সূচক (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য ড. ফাহমিদা। এছাড়া জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের উৎপাদন সক্ষমতা সূচক বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডেরও সদস্য তিনি।

এ ছাড়া বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ফাহমিদা খাতুন। পাশাপাশি তিনি ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর