আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্লবীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পল্লবী বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় পাঁচ হাজার গাছের চারা আনা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে চারা তুলে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জায়গা থাকলে সেখানে, আর জায়গা না থাকলে বাড়ি কিংবা ছাদে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, ‘প্রত্যেকে একটি করে গাছ লাগালে সবাই আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হয়ে উঠবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি ছায়া ও শীতলতা দেয়। ফলদ ও ঔষধি গাছ মানুষের নানা প্রয়োজন পূরণ করে। তাই পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।’
আমিনুল হক বলেন, ‘আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়; বরং শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।’
এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম/এমআই




