রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলে এক ছিনতাইকারী। এ সময় ট্রাফিক পুলিশ তাকে আটক করে বমি করিয়ে তার পেট থেকে সেই দুল উদ্ধার করে।
বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৬টার পর যাত্রাবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারীর নাম মো. সেলিম।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে এগিয়ে যায়। এ সময় তারা দেখতে পায়, এক ব্যক্তি স্বর্ণের কানের দুল ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে। পরে ধাওয়া করে তাকে আটক করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
ছিনতাইকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের দুলটি সে গিলে ফেলেছে। পরবর্তীতে বমি করানোর মাধ্যমে তার পেট থেকে দুলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
একেএস/এএইচ




