রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়। এরপর এ আসনের উপনির্বাচনের আলোচনা সামনে আসায় অক্টোবরের শেষে এ উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ভোটের কারণে স্থানীয় সরকার নির্বাচনও এক মাস পেছানো হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, সংসদ সচিবালয় থেকে ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হলে কমিশনে ফাইল দেওয়া হয়েছে। এখন কমিশন আলোচনা করে যে সিদ্ধান্ত জানাবে, আমরা তা পালন করব। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার জন্যও আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা মেইলকে জানান, কোনো আসন শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। এটা আইনের বাধ্যবাধকতা। এজন্য আমরা অক্টোবরের শেষে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি ৮৮ ভোট পেয়েছিলেন। এরপর ওই দিনই নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপর গত ২২ আগস্ট সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।
স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আমরা আগে অক্টোবর থেকে পরিকল্পনা করে এসেছি। এখনো আমরা সব পরিকল্পনা অক্টোবরের মধ্যে শেষ করব। কিন্তু ভোট গ্রহণের পরিকল্পনা এখন নভেম্বর।
তিনি আরও বলেন, আমরা সব সময়ই বলে আসছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এগুলো আমার দৃষ্টিতে নির্বাচনের জন্য সবচেয়ে সহায়ক মাস। এ মাসগুলোর মধ্যে এপ্রিলও ধরা যেতে পারে। এখন এর মধ্যে দুর্গাপূজা আছে কি না, রমজান আছে কি না, পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা আছে কি না—এসব বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করছি।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, তফসিল নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা সহায়ক সময় নিয়ে আলোচনা করেছি। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ যাতে করতে পারি, সে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। যেদিন ভোট গ্রহণ করা হবে, তার ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তার মানে, নভেম্বরে যদি ভোট হয়, তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হতে পারে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সঙ্গে পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো ভোট গ্রহণ করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, শূন্য আসনে ভোট গ্রহণ একদিনেই শেষ হয়ে যাবে। এর সাত দিন পর কিংবা সাত দিন আগেও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
কোন প্রতিষ্ঠান দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চান জানতে চাইলে তিনি বলেন, আমরা ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করব। একসঙ্গে পৌরসভাও করতে পারি।
আইন মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত হয়ে এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আচরণবিধি এসে পড়েছে। তবে আমরা নির্বাচনের বিধিমালার সুপারিশগুলো এখনো পাঠাইনি। আমরা আইনে আরও কিছু পরিবর্তন আনার চিন্তা করছি। এ কারণে এখনো পাঠাইনি।
এর আগে গত জুলাই মাসে স্থানীয় সরকার নির্বাচনের কোন কোন প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী, তার তথ্য চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল সংস্থাটি।
ইউনিয়ন পরিষদের রোডম্যাপে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা-জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
পৌরসভার রোডম্যাপ অনুযায়ী, দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা এখনো নির্বাচন উপযোগী নয়।
উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব উপজেলাই নির্বাচন উপযোগী।
রোডম্যাপ অনুযায়ী, নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব সিটিই নির্বাচন উপযোগী।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
এমএইচএইচ/এআর




