মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদের নির্দেশ, বাবুবাজারে পার্কিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদের নির্দেশ, বাবুবাজারে পার্কিং বন্ধ
সভায় প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন এলাকার সব অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএসসিসি প্রশাসকের কাছে বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিংয়ের কারণে সৃষ্ট সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা চান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বিষয়টি জানার পর প্রশাসক সংশ্লিষ্টদের অবৈধ পার্কিং ও স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ডিএসসিসি জানায়, বাদামতলী এলাকায় অবৈধ পার্কিং ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে যানজট ও নাগরিক ভোগান্তি তৈরি হচ্ছে। প্রশাসকের তাৎক্ষণিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, এমন দ্রুত ও কার্যকর সিদ্ধান্তের ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সহজ হবে এবং বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এদিকে একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর সেখানে পরিচালিত পার্কিং কার্যক্রম স্থগিত করেছে ডিএসসিসি।

ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট খোলা জায়গায় চলমান কার পার্কিংয়ের সব কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য। নাগরিকদের ভোগান্তি সৃষ্টি করে বা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করপোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।

এমএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর