জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন।
সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক মৃত্যুর তথ্য দিয়েছেন।
জেনারেল জিয়াউর রহমান ও মহব্বত জান ১২তম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহও একই কোর্সের কর্মকর্তা ছিলেন।
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার সময় মহব্বত জান চৌধুরী ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল থাকার সময় ১৯৮২ সালে সামরিক শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসা এরশাদের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরশাদের মন্ত্রিসভায় কর্মরত সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করা সেনা কর্মকর্তা।
ওই বছরের জুলাই থেকে ১৯৮৩ সালের জুলাই পর্যন্ত একবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মহব্বত জান।
১৯৮৬ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গোপালগঞ্জে জন্ম নেওয়া মহব্বত জান চৌধুরী মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের পরিচালকও ছিলেন।
গতকাল উত্তরা-৪ নম্বর সেক্টরে মাগরিবের নামাজের পর জানাজা শেষে সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এমআর




