সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে চীনের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে চীনের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: ছবি: সংগৃীত

শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে। এ সময় বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রতি আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যেই সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

এমএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর