ঢাকার দোহার উপজেলায় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) ও নসিমনের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নূরপুরে আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। নিহত মীর হোসেন (৬০) উপজেলার দোহার ঘাটা গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।
দোহার থানার এসআই লিজা জানান, মীর হোসেন সকালে একজন যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে দোহার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষে সে গুরুতর আহত হন। পরে স্থানীয় ও পথচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। লাশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে নসিমন চালক নসিমন নিয়ে পালিয়ে গেছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এফএ




