শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

রাশিয়া গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশির একজন ফিরবেন কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

রাশিয়া গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশির একজন ফিরবেন কাল
ছবি: সংগৃহীত

রাশিয়া গিয়ে প্রতারণার শিকার হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া রাজন হোসেন নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবার মস্কো সময় রাত সাড়ে ৯টার দিকে তাকে দেশের বিমানে তুলে দেওয়া হয়। আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকায় ফিরবেন তিনি। 

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 

দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। 

আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জানা গেছে, রাশিয়ায় উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ জন বাংলাদেশি যুবককে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের সেখানে যুদ্ধে অংশগ্রহণ বাধ্য করা হয়। 

বিষয়টি নজরে আসলে বাংলাদেশ সরকারের প্রবাসী মন্ত্রণালয় এই অভিযোগে গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে।

এমআইকে/এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর