ঢাকার শোয়ারীঘাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারীঘাট সংলগ্ন এলাকায় আজ ২১ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমআইকে/এআর




