শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

রদবদল হতে পারে যেসব মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

মন্ত্রিসভায় নতুন চার মুখ, রদবদল হতে পারে ছয় মন্ত্রণালয়ে
কোন মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন চার সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

 

নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলেরও প্রস্তুতি চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোন মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। নতুন চার সদস্যের মধ্যে কারও কারও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় সব আয়োজনও সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। তাঁর শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্বাচন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তিকে ঘিরে মন্ত্রিসভায় এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে বঙ্গভবন ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতাও বেড়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর