শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বঙ্গভবনে
বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। ছবি: সংগৃহীত

দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর বঙ্গভবনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্র প্রধানের শপথ অনুষ্ঠান।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) কর্নেল অলি আহমদ।

এর আগে গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার তাকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিথিদের নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও অনুষ্ঠানস্থলের আনুষ্ঠানিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ব্যস্ততা এখন তুঙ্গে।

অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এবং এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ধারার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর