বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন
মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। যা দেশের সাংবিধানিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই উষ্ণ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা, যা জাতির নতুন যাত্রায় আস্থার এক দৃঢ় ভিত্তি রচনা করবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নেতৃবৃন্দ একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকেও অশেষ ধন্যবাদ জানান। গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে তিনি যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন, এটাই দেশের জনগণের অকুণ্ঠ প্রত্যাশা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আমরা পূর্ণ আস্থা রাখি।

এবি পার্টির নেতৃবৃন্দ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক। আমরা দৃঢ়ভাবে আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।

নেতৃবৃন্দ মনে করেন, নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিতে সহায়ক হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রজ্ঞা, সততা ও দৃঢ় দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য সৃষ্টিকর্তার নিকট আন্তরিক প্রার্থনা করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর