বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি পদে কাকে ভোট দেবেন রুমিন ফারহানা?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি পদে কাকে ভোট দেবেন রুমিন ফারহানা?
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

দেশে দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছে জাতীয় সংসদে। প্রকাশ্য এই ভোটে বিএনপির মনোনয়ন না পাওয়া ও পরে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কাকে ভোট দেবেন—এ নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বিএনপির মনোনয়ন না পেয়ে পরে দল থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসছেন।

তবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন ব্যালটে নয়, সংসদ সদস্যরা প্রকাশ্যেই ভোট দেবেন। ব্যালটে ভোটারের নামের পাশাপাশি তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সেটিও উল্লেখ থাকবে। ফলে রুমিন ফারহানা ভোট দেওয়ার সুযোগ পেলে তিনি কাকে সমর্থন করছেন, তা গোপন রাখার সুযোগ থাকছে না।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না। নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় সংসদ সদস্য না হওয়ায় স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন।

ফলে প্রকাশ্য এই ভোটে রুমিন ফারহানা শেষ পর্যন্ত কাকে সমর্থন করেন, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর