বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে কাতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে কাতার
কাতারে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

দেশজুড়ে জ্বালানি সংকটের মাঝে আশার কথা শোনালো কাতার সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্ম্দ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি জানালেন, বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে তার সরকার।

বুধবার (১৯ আগস্ট) দোহায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন থানি।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ড. খলিলুর রহমান। এসময় তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
 
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি জাতিসংঘে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে কাতারের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে ড. খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে ও পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর