রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় সংসদ সদস্যদের (এমপি) কাছে ভোট চেয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় দলীয় এমপিদের নিয়ে আয়োজিত বৈঠকে মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার কঠোর বার্তাও দেন।
আরও পড়ুন: বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন ফখরুল, চাইলেন ক্ষমা
এসময় বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি।
বৈঠকে মির্জা ফখরুল স্মরণ করেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান তারেক রহমানকে।
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চান মির্জা ফখরুল। এরপর দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন। এদিন সংসদ সভা কক্ষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। সে হিসেবে মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন। কারণ, ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। তিনি ভোট দিতে পারছেন না।
সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই সময়ে বিএনপির প্রার্থী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।
১১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি পেয়েছিলেন ১৭২ ভোট।
এএইচ




