রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’ (EL Café)। জনপ্রিয় Espresso Lounge-এর পেছনের টিমের নতুন এই উদ্যোগে স্পেশালটি কফি, হাতে তৈরি বেকারি পণ্য ও প্রিমিয়াম ডাইনিংয়ের সমন্বয়ে অতিথিদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ধানমন্ডিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইএল ক্যাফে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেল গ্রুপের প্রতিনিধি ওভি ডিয়াজ ও রিপন বড়ুয়া। এ ছাড়া দেশের বিভিন্ন ফুড ব্লগার, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনের ব্যস্ততায় এক কাপ কফির সঙ্গে স্বস্তির বিরতি কিংবা সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ডিনারের সুযোগ—দুই ধরনের অভিজ্ঞতাকে সামনে রেখেই সাজানো হয়েছে ক্যাফেটি। দিনের প্রাণবন্ত ক্যাফে পরিবেশ সন্ধ্যার পর পরিণত হয় পরিশীলিত বিস্ট্রো আমেজে।
বনানীর Espresso Lounge-এর গুণগত মান ও কারুশিল্পের ধারাবাহিকতায় ‘ইএল ক্যাফে’তে থাকছে তাজা রোস্ট করা স্পেশালটি কফি। পাশাপাশি ক্যাফেটির নিজস্ব বেকারিতে তৈরি হচ্ছে হাতে তৈরি ক্রসোঁ, কুকিজ, কেক, পেস্ট্রি ও বিভিন্ন ধরনের বেকড আইটেম।
ক্যাফেটির মেন্যুর অন্যতম আকর্ষণ প্রিমিয়াম ওয়াগিউ বিফ দিয়ে তৈরি নির্বাচিত গুরমে পদ। এর পাশাপাশি রয়েছে হ্যান্ডক্রাফটেড গুরমে বার্গার, তাজা উপকরণে তৈরি সালাদ, সিগনেচার ব্রেকফাস্ট, আর্টিজান স্যান্ডউইচ, পাস্তা এবং বিভিন্ন ধরনের তাজা বেক করা ডেজার্ট।
সমসাময়িক নকশায় সাজানো ক্যাফেটির অভ্যন্তরে রয়েছে উজ্জ্বল ও আরামদায়ক পরিবেশের পাশাপাশি সবুজের ছোঁয়া। অতিথিদের আরাম ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন স্পেস পরিকল্পনা করা হয়েছে। ফলে ক্যাফেটিতে তৈরি হয়েছে উষ্ণ ও আমন্ত্রণমূলক আবহ।
ধানমন্ডির প্রাণবন্ত ক্যাফে সংস্কৃতিতে নতুন সংযোজন হিসেবে ‘ইএল ক্যাফে’ কফিপ্রেমী, খাবারপ্রেমী, পেশাজীবী ও পরিবারের সদস্যদের জন্য ভিন্নধর্মী গন্তব্য হয়ে উঠতে চায়। স্পেশালটি কফি, প্রিমিয়াম উপকরণ, নিজস্ব বেকারির হাতে তৈরি খাবার এবং পরিশীলিত ডাইনিংয়ের সমন্বয়ে ক্যাফেটি ইতোমধ্যে অতিথিদের স্বাগত জানাতে শুরু করেছে।
উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে ধানমন্ডির ক্যাফে ও ফুড সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করল ‘ইএল ক্যাফে’।
জেবি




