বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী
বৃষ্টির কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। ছবি: ঢাকা মেইল

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভিজেছে নগরীর সড়ক। বৃষ্টির কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। কোথাও সড়কে পানি জমেছে, কোথাও যানবাহনের গতি কমেছে। বৃষ্টির মধ্যে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন অনেকে। রিকশা ও অন্যান্য ছোট যানবাহনের ভাড়াও কোনো কোনো এলাকায় বেড়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় এসব এলাকায় ছাতা হাতে পথচারীদের পাশাপাশি বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককে। অনেকে আবার বৃষ্টি থেকে বাঁচতে দোকান, বিপণিবিতান, বাসস্ট্যান্ড কিংবা বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নিয়েছেন।

সকাল থেকে বৃষ্টির কারণে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় যান চলাচলও ধীর হয়ে পড়ে। বিশেষ করে যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় বৃষ্টির সঙ্গে যানবাহনের চাপ থাকায় কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা পানির মধ্য দিয়ে যানবাহন চলাচল করায় পথচারীদেরও সতর্ক হয়ে চলতে দেখা গেছে।

যাত্রাবাড়ী এলাকায় রিকশাচালক আব্দুল কাদের বলেন, ‘সকালে বৃষ্টি শুরু হওয়ার পর রাস্তায় যাত্রী কমে গেছে। তবে যারা জরুরি কাজে বের হয়েছেন, তারা রিকশা খুঁজছেন। বৃষ্টির মধ্যে রিকশা চালানোও কষ্টের। রাস্তায় পানি জমে থাকলে আরও সমস্যা হয়। অনেক সময় যাত্রীরা ভাড়া একটু বেশি দিতে রাজি হন, কারণ বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া কঠিন।’

গুলিস্তান এলাকায় কথা হয় পথচারী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। কিছুদূর আসার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছাতা না থাকায় ভিজে গেছি। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় মানুষের ভিড়ও বেশি মনে হচ্ছে।'

শাহবাগ এলাকায় বৃষ্টির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘ক্লাস আছে বলে বৃষ্টির মধ্যেই বের হতে হয়েছে। রাস্তায় যানবাহন ধীরে চলছে। অনেক জায়গায় পানি জমে থাকায় হেঁটে চলাচলও সমস্যা হচ্ছে। বৃষ্টি যদি আরও বাড়ে, তাহলে সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হবে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী বৃহস্পতিবারও (২০ আগস্ট) ঢাকা বিভাগসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারও (২১ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজধানীতে কয়েক দিন ধরে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন নিচু সড়ক ও এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া ব্যক্তিরা। রিকশাচালক, ভ্যানচালক, পথচারী, শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই গন্তব্যে যেতে হচ্ছে। ফলে বৃষ্টি শুধু স্বস্তির পরশই দিচ্ছে না, রাজধানীর ব্যস্ত জীবনে তৈরি করছে বাড়তি দুর্ভোগও।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর