নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির পিংক বাস সেবা কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে এই সেবার রুট ও বাসের সংখ্যা বাড়িয়ে দেশের আরও বিভাগে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির পিংক বাস উদ্যোগকে জনবান্ধব ও টেকসই সেবায় পরিণত করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার ছিল নারীদের জন্য নারী পরিচালিত ও নারীবান্ধব একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যেই ঢাকাসহ তিন শহরে ১৩টি রুটে ১৪টি বিশেষ বাস চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।
শেখ রবিউল আলম বলেন, একজন নারী যাত্রীর নিরাপত্তা শুধু বাসের ভেতরে নয়, বাসে ওঠার আগে অপেক্ষার সময় এবং গন্তব্যে নামার পরও নিশ্চিত করতে হবে। অনেক সময় অপেক্ষার স্থান, বাসের ভেতরের পরিবেশ কিংবা নামার মুহূর্তে নারীরা অস্বস্তিকর ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন। নতুন এই সেবায় সেই বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। পরিবার, অর্থনীতি ও রাষ্ট্র গঠনে তাদের অবদান সমান। তাই রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের কর্মক্ষেত্র, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা।
বিআরটিসির বর্তমান অবস্থা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রতিষ্ঠানটি এখন আর লোকসানে নেই, ব্রেক ইভেন অবস্থায় রয়েছে। তবে মানসম্মত সেবা ও আধুনিক পরিচালনায় এখনও ঘাটতি রয়েছে। পুরোনো ব্যবস্থাপনাকে সময়োপযোগী করে যাত্রীবান্ধব অপারেশন গড়ে তুলতে রুট পুনর্বিন্যাস ও রুট পারমিটের যৌক্তিকীকরণের কাজ চলছে।
তিনি জানান, সরকার সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ২০০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রকল্পভিত্তিক দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত সময়ের মধ্যে এসব বাস সড়কে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নারী চালকদের প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, নারীরা কোনো ক্ষেত্রেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই। যুদ্ধবিমান থেকে শুরু করে গণপরিবহন, সব ক্ষেত্রেই তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন। তাই নারী চালকদের মাধ্যমে পরিচালিত এ বাস সেবা নারীর ক্ষমতায়নেরও একটি প্রতীক।
সড়কমন্ত্রী বিআরটিসি ও সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আজ যে মানের সেবা চালু হচ্ছে, দুই মাস পর সেটির মান আরও উন্নত করতে হবে। যাত্রীবান্ধব, নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই হবে এ উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
এএইচ/এমআর




