সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
ছবি: ঢাকা মেইল

সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত ‘সমন্বিত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ স্থগিত করে সরকার অনুমোদিত ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে বহাল রাখার দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতারা।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ কর্মসূচিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিক্রেতারা অংশ নেন। 

এ সময় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ (সংশোধিত) স্থগিত কর’, ‘সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবি’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার প্রদর্শন করা হয়।

58e9183b-589a-4f61-b65f-07151e31d347

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে সরকারি অনুমোদন ও কার্যাদেশের ভিত্তিতে তারা মাঠপর্যায়ে খুচরা সার বিক্রেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার পাশাপাশি অনেক সময় বাকিতে সার দিয়ে কৃষকদের সহযোগিতা করেছেন তারা। 

হঠাৎ নতুন নীতিমালার মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করা হলে ৪৪ হাজার বিক্রেতার পাশাপাশি তাদের ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক কর্মচারী ও পরিবারের সদস্য সংকটে পড়বেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের ব্যবসা ও কর্মসংস্থান হারানোর পাশাপাশি অনেক বিক্রেতার ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। ফলে শুধু বিক্রেতারাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়বেন।

তারা বলেন, ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হঠাৎ বাদ না দিয়ে বিদ্যমান বৈধ কার্ড বহাল রেখে পুনরায় ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে।

কর্মসূচি থেকে বক্তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দিক বিবেচনা করে সংশোধিত নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার কর্মসংস্থান ও জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এর আগে একই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর