জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে এবং সমুচিত জবাব দিতে তিনি বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ; মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখতে হবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনেই এই কার্ড কর্মসূচি।’
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়াশোনার সিলেবাস এমনভাবে করা হবে, যেন একজন শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে কখনো আত্মনির্ভরশীল করা সম্ভব হবে না।’
যে রাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটাই বিএনপির রাজনীতি বলেও জানান দলটির সভাপতি। তিনি জানান, গত ছয় মাস আগের নির্বাচনে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলো একে একে পূরণ করা হচ্ছে।

যারা এখন সংস্কারের কথা বলছেন, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন- বিএনপি ২০২২ সালেই সংস্কার প্রস্তাব দিয়েছে। সেই ৩১ দফা বাস্তবায়ন করছে সরকার।
সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদিতে পৃথক অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে শহরেও একাধিক অনুষ্ঠানে যোগ দেন। সফর শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
জেবি




