রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

শিকলবন্দি ব্যক্তিকে উদ্ধার, অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

শিকলবন্দি ব্যক্তিকে উদ্ধার, অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩ 
ছবিতে অপহরণ চক্রের মূলহোতা ফেরদৌস উর রহমান

বিদেশে পাঠানোর প্রলোভনে নিলয় শিকদার (৩৫) নামে একজনকে অপহরণ করে লাখ লাখ টাকা নেওয়ার পর ওই চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

তারা হলেন- মূলহোতা ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) ও এস এম মনোয়ার (৩৬)। 

শনিবার (১৫ আগস্ট) রাতে ফরিদপুরের কোতোয়ালির চরকমলাপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় ভুক্তভোগী নিলয় শিকদারকে উদ্ধারসহ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।

অপহরণের পর নিলয় শিকদারকে একটি কক্ষে আটকে রেখে পায়ে শিকল পরিয়ে তালাবদ্ধ করা, মারধর করা এবং দিনে একবেলা খাবার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের চিৎকার যেন বাইরে শোনা না যায়, সেজন্য প্রতিরাতে নির্যাতনের সময় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলেও জানিয়েছে র‌্যাব।

2
র‌্যাব-১০ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলন

রোববার (১৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ভিকটিম মো. নিলয় শিকদারের কাছ থেকে কয়েক দফায় পাসপোর্টসহ ৫ লাখ টাকা নেওয়া হয়। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি পূরণ না করে গত ৬ আগস্ট তাকে অপহরণ করা হয়। এরপর পরিবারের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। 

নিলয়কে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারটি বিভিন্ন বিকাশ নম্বরে ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠালেও মুক্তি না দিয়ে বরং আরও ৫ লাখ দাবি করা হয়। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  

এরপর শনিবার রাতে ফরিদপুরের কোতোয়ালির চরকমলাপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার মূলহোতা মো. ফেরদৌস উর রহমান ও মহুয়া আহমেদকে গ্রেফতার করা হয়। 

3
অপহরণকারীদের কাছ থেকে উদ্ধারকৃত মালজিনিস

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোররাতে এস এম মনোয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

বিদেশ যাওয়ার আগে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, অপহরণ ও মানব পাচারকারী দালাল চক্রের হাত ধরে বিদেশে পাড়ি না জমিয়ে প্রকৃত মাধ্যম ও বৈধ উপায়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। 

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর