শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, চক্রের মূলহোতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, চক্রের মূলহোতা গ্রেফতার
ডিবি পুলিমের কব্জায় প্রতারণা চক্রের মূলহোতা বাবলু কাজী

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা বাবলু কাজী (৬০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর পল্লবীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় বাবলু কাজীর কাছ থেকে বাংলাদেশ সরকারের সিলযুক্ত ও জাল স্বাক্ষরিত ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র, প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, বাবলু কাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রতারণার শিকার ফরিদপুরের নগরকান্দা এলাকার মো. সবুজ সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে এই চক্রটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়। 

অন্যদিকে ডিবি সূত্রে জানা গেছে, চক্রটি মূলত সরকারি অফিসগুলোতে অবাধে বিচরণ করত এবং ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনে পরীক্ষা ছাড়াই চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি করত। তারা বলত ‘চাকরিতে যোগদানের পর টাকা দিলেই হবে’। 

ভুয়া নিয়োগপত্র হাতে দেওয়ার পর ভুক্তভোগীদের নকল হাজিরা খাতায় সই করাতো এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রথম এক-দুই মাস নিজেদের পকেট থেকে ‘বেতন’ হিসেবে কিছু টাকাও দিত। এরপর মূল টাকা হাতিয়ে নিয়ে ফোন বন্ধ করে গা ঢাকা দিত চক্রটি।

এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর