অবিলম্বে ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। একই সঙ্গে তাদের জন্য রেশন ও ষাটোর্ধ্ব মজুরদের পেনশন চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান সমিতির নেতারা।
নেতারা বলেন, বর্তমানে চালসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তাদের গ্রামে কাজ না থাকায় শহরে ছুটে বেড়ায় কাজের আশায়। তবুও তাদের অভাব যেন শেষ হয় না।
তারা বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু তা নিয়ে বিভিন্ন জায়গায় দলীয়করণের অভিযোগ আসছে। অতীতেও বিভিন্ন গ্রামীণ প্রকল্প ও কর্মসূচির বরাদ্দে অনিয়ম দুর্নীতির ফলে সাধারণ মানুষ এসব বরাদ্দের বড় অংশ থেকে বঞ্চিত হতো। ভবিষ্যতে যাতে এসব গ্রামীণ সাধারণ মানুষের বরাদ্দ লুটপাট না হয়, সেজন্য সরকারকে বিশেষ নজর রাখতে হবে।
নেতারা আরও বলেন, ক্ষেতমজুররা সারা বছর ক্ষেতে কাজ পান না। ফলে তাদের রিকশা ভ্যান চালানো, ইটভাটার কাজ, বিল্ডিং নির্মাণে শ্রমিকের কাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যান। এসব কাজের আশায় এক জেলা থেকে আরেক জেলায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা যাতায়াত করার সময় অনেক সময় সড়ক দুর্ঘটনায় ও কর্মস্থলে মৃত্যুবরণ করেন, মারাত্মক আহত হন। ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রতিবছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। কিন্তু বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় কার্যকর কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।
নিহত আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করে তারা বলেন, এসব নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।
সমাবেশে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ বক্তব্য দেন।
এএম




