শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
ইউনিসফা, আবেই-তে নিয়োজিত মিশন লিডারশিপ টিমের সদস্যবৃন্দের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ও ইউনাইটেড নেশনস ইন্টেরিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ শুক্রবার (১৪ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফর শেষে ফিরেছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সফরকালে দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট, এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

Wakar1
সেনাবাহিনী প্রধান কর্তৃক ইউনিসফা-তে ড্রোন হামলায় শহীদ সেনাসদস্যদের ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পর্যবেক্ষণ

উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তিনি ইউএনমিস ও ইউনিসফা মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনমিস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠ -এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Wakar2
সেনাবাহিনী প্রধানকে দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান

এ ছাড়া, তিনি আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরগণের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সকল সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওল -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Marine
সেনাবাহিনী প্রধান কর্তৃক আনমিস-এ নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন

সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি, সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর