শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আফতাবনগরে পুলিশের সঙ্গে গোলাগুলি, আহত ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০১:৫৪ এএম

শেয়ার করুন:

আফতাবনগরে পুলিশের সঙ্গে গোলাগুলি, আহত ডাকাত গ্রেফতার
গুলিবিদ্ধ পাভেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলির ঘটনায় মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবির উপস্থিতি টের পেয়ে পাভেল পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য ডিবি সদস্যরা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়েন। এতে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

পরে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আহত পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় বাড্ডা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর