বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট: মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী জানান, ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য এ টার্মিনালকে আধুনিক ও পরিবেশবান্ধব ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে গড়ে তোলা হবে।

মন্ত্রী বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে। 

এছাড়া প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের এ টার্মিনাল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের আরও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান এবং বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ দেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর