বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ে আসছে নতুন মুখ!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ে আসছে নতুন মুখ!
সচিবালয়। ছবি: সংগৃহীত

দেশের ২৪তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে লেগেছে নতুন হাওয়া। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এবং বেশ কয়েকটি শীর্ষ ও গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন মুখ আসার জল্পনা-কল্পনায় দিনভর সরগরম ছিল সচিবালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকেই অন্যদিনের তুলনায় সচিবালয়ের পরিবেশ ছিল কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকালে নিজ দপ্তরে বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। পরে দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হয় বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তারেক রহমান। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের পদত্যাগের খবর প্রকাশের পরই সচিবালয়জুড়ে শুরু হয় নতুন আলোচনা—কে হচ্ছেন পরবর্তী স্থানীয় সরকার মন্ত্রী? কারণ, অনানুষ্ঠানিকভাবে গুঞ্জন রয়েছে, বুধবারই তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকেও পদত্যাগ করেছেন।

সচিবালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই পদ খালি হওয়ার পর প্রভাবশালী এই দপ্তরে পরিবর্তন আসতে পারে। আলোচনা রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হতে পারে। সে ক্ষেত্রে শূন্য হতে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। এ ছাড়া একই দিনে শিক্ষামন্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছিল। যদিও দপ্তর বদলকেন্দ্রিক কোনো কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শুধু মন্ত্রিসভাই নয়, মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও দিনভর ছিল নানা আলোচনা। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও আলোচনায় আছেন সালাহউদ্দিন আহমদও।

আবার রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হলে তাঁর পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও বিএনপিতে আলোচনা রয়েছে। এ ক্ষেত্রে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ছাত্রনেতা হাবিব উন নবী খান সোহেলের পাশাপাশি সৈয়দ মোয়াজ্জেম আলালের নামও শোনা যাচ্ছে।

তবে দিনভর নানা আলোচনা ও গুঞ্জনের পারদ চড়লেও মন্ত্রিসভায় রদবদল এবং দলের শূন্য পদে নতুন মুখ আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দল ও সরকারপ্রধান তারেক রহমান শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর