প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি।
এ সাক্ষাতে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটের গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী ও শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
সাক্ষাতে বলা হয়, সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মানবজীবনের মূল্য সর্বাগ্রে। এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়। সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার ও প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উদ্দেশ্য ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত দেওয়া হয়।
একই সঙ্গে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়।
আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রমের ক্ষেত্রেও মানবিক ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাতে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
এআরএম




