হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫টি বোতলে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছে (সিআইআইডি)।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব মদের বোতল জব্দ করে সিআইআইডি‘র সি-শিফটের কর্মকর্তারা।
সিআইআইডি জানায়, অভিযানকালে যাত্রী প্রাশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ টি বোতলে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল মদ এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে ৫ টি বোতলে ৫ লিটার গ্র্যান্টস ব্র্যান্ড ও স্কটিশ লিডার মদ (৩ বোতল গ্র্যান্টস ব্র্যান্ড ও ২ বোতল স্কটিশ লিডার) জব্দ করা হয়।
সংস্থাটি আরও জানায়, বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এমআর/এএম




