বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি, জুলাইয়ে ৮.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

শেয়ার করুন:

আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি, জুলাইয়ে ৮.৩২ শতাংশ

দেশে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ৩২ শতাংশে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশে ছিল। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট। গত বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

জুলাইয়ে মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমে আসা। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৭ দশমিক ১৬ শতাংশে, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন। জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। এক মাসে এ হার কমেছে ১ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট। গত বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। এর আগে ২০২৫ সালের অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশে নেমেছিল।

খাদ্যের পাশাপাশি খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতিও কমেছে। জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ২৮ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। গত বছরের জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। চলতি বছরের মার্চের পর জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিই সর্বনিম্ন হয়েছে। তবে এ খাতে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে রয়েছে।

বিবিএসের হিসাবে, জুলাইয়ে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। জুনে এ হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ১৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ০১ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯০ শতাংশে নেমেছে।

এদিকে মূল্যস্ফীতি কমলেও মানুষের আয় বা মজুরি বৃদ্ধির হার প্রায় একই জায়গায় রয়েছে। জুলাইয়ে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। জুনে এ হার ছিল ৮ দশমিক ১৮ শতাংশ এবং গত বছরের জুলাইয়ে ছিল ৮ দশমিক ১৯ শতাংশ।

অর্থাৎ জুলাইয়ে মজুরি বৃদ্ধির হার সার্বিক মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ১০ শতাংশীয় পয়েন্ট কম। ফলে মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতায় এর সুফল কতটা পড়ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জুলাইয়ে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ, শিল্প খাতে ৮ দশমিক ১৫ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ৩৯ শতাংশ। তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাটবাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে জুলাই মাসের ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। আগস্ট ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত গত এক বছরের চলন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। এর আগের একই সময়ে এ হার ছিল ৯ দশমিক ৭৭ শতাংশ।

এএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর