মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

শূন্য পদে স্থায়ী নিয়োগসহ ৬ দাবি নিকাহ রেজিস্ট্রারদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

শূন্য পদে স্থায়ী নিয়োগসহ ৬ দাবি নিকাহ রেজিস্ট্রারদের

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, শূন্য পদে স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বানে মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। তাদের এই সেবার মাধ্যমে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

নিকাহ রেজিস্ট্রাররা বর্তমানে বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন দাবি করে সংগঠনটি জানায়, বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহিকতা ব্যাহত হওয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং আইনি সুরক্ষার অভাবের কারণে সেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধান এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে-২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সম্পূর্ণভাবে অক্ষুণ্ন রাখা, কোনো অবস্থাতেই অযৌক্তিকভাবে অধিক্ষেত্র কর্তন বা পরিবর্তন না করা, সারাদেশে নিকাহ রেজিস্ট্রারদের শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা, মৃত্যু বা অবসরের কারণে সৃষ্ট শূন্য পদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়া, বিধি অনুযায়ী দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বহাল রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা।

মোবাইল কোর্টের বিধান বাতিলসহ নিকাহ রেজিস্ট্রারদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। একই সঙ্গে নিকাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণের দাবি করা হয়েছে।

সংগঠনটি বলেছে, এসব দাবি বাস্তবায়ন করা হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও আইন সচিবের কাছে পেশ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের দফতর সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. নুরুল আমিন।

এম/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর