রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১২৪, গুলশানে ৫৫ এবং উত্তরা বিভাগে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে তিনজন ও সিটিটিসির অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা ও পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১১
এ ছাড়া ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬টি ইয়াবা ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
এমআই




