পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজধানীকে বাসযোগ্য করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় গাছ লাগানো হবে।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকায় এখন আগের মতো গাছপালা নেই। বায়ুদূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে না পারলে নানা রোগব্যাধি দেখা দেবে। প্রকৃতিকে বাঁচাতে এবং কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আবদুস সালাম নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন, এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছেন, এখন তা আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই পরিবেশ নিয়ে দূরদর্শী পরিকল্পনা করেছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও বেশি গাছ লাগানো প্রয়োজন।
প্রশাসক জানান, ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনি এলাকায় ৫০০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়েও গাছ লাগানো হবে। এ কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তাদের মধ্য থেকেই আসবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
এমএইচ/এএইচ



