রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ যশোর আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজ সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’
সূত্র জানায়, আটকরা আরও বেশকিছু নেতাকর্মী সঙ্গে নিয়ে রেস্তোরাঁটিতে বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ছয়জনকে আটক করতে সমর্থ হয় পুলিশ।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি দাউদ হোসেন।
এএইচ




