জীবিকা নির্বাহের জন্য তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটো রিকশা এবং ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। পরে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব শাহরিয়ার পামির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে প্রধানমন্ত্রী দিয়েছেন সিএনজি অটোরিকশা।
আজিজ শেখ বলেন, ‘সিএনজি চালিয়ে আমি নিজের লেখাপড়া ও পরিবার চালাই। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়।’
তাকে পড়াশোনা চালিয়ে যেতেও বলেছেন প্রধানমন্ত্রী।
কুষ্টিয়ার মো. গফফার দুটি প্যাডেল চালিত রিকশা ও বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।
জুলাই গণঅভ্যুত্থানের সময়ে গাফফার রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেছিলেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন।
গাফফার বলেন, ‘প্রধানমন্ত্রীর এই উপহারের রিকশা ঢাকাতেই চালিয়ে আমি জীবিকা নির্বাহ করব এবং আরেকটি রিকশা ভাড়া দেবেন।’
বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা আসাদুল হক বিশু বলেন, ‘কর্মসংস্থানের অভাবে অনেক কষ্টে জীবনযাপন করছিলাম আমি। এই উপহারের ফলে আমার বিরাট উপকার হবে।’
প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি তারা কীভাবে নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এসময়ে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিইউ/এএম




