শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল। ছবি: ঢাকা মেইল

আগস্ট মাসের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট জারি করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দীর্ঘদিন নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা আব্দুল মালেক এ দাবি জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও উপসচিব মো. আব্দুল খালেক সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে মহাসচিব নির্বাচিত হন ক্রীড়া অধিদফতরের কর্মকর্তা আশিকুল ইসলাম।

কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-‘ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে যেহেতু নবম পে-স্কেল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে, তাই এটি অবশ্যই বাস্তবায়ন হবে।’

সভাপতির বক্তব্যে আব্দুল মালেক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। প্রতিনিধি সমাবেশ, মতবিনিময় সভা, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সচিব পর্যায়ের সুপারিশ কমিটির কাছে দাবি উপস্থাপন এবং গণমাধ্যমে মতামত প্রকাশসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের প্রথম বাজেটেই ১ জুলাই থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় সংগঠন সরকারের প্রতি কৃতজ্ঞ। তবে শুধু ঘোষণা নয়, দ্রুত গেজেট প্রকাশও জরুরি।’

আব্দুল মালেক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ও চিকিৎসা ব্যয় এবং পারিবারিক খরচ বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চরম সংকটে রয়েছেন। তাই সময়ক্ষেপণ না করে আগস্ট মাসের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট জারি করতে হবে। অন্যথায় সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সংগঠনের মহাসচিব আশিকুল ইসলাম বলেন, ‘নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১১ বছর ধরে আন্দোলন করতে হচ্ছে। এই আন্দোলনে অনেক কর্মকর্তা-কর্মচারী ত্যাগ স্বীকার করেছেন এবং যমুনামুখী পদযাত্রায় অনেকে আহত হয়েছেন।’

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেক প্রত্যাশা রয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করবে বলে তারা আশা করছেন। তবে আগস্টের মধ্যে গেজেট জারি না হলে সংগঠন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

কাউন্সিল ও আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং যমুনামুখী পদযাত্রায় আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার, বাংলাদেশ রেলওয়ের সহকারী সার্জন ডা. সাকিব শাহরিয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর