বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই জাদুঘরে প্রথম দিনেই টিকিট জালিয়াতি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

জুলাই জাদুঘরে প্রথম দিনেই টিকিট জালিয়াতির অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রথম দিনেই টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ

দীর্ঘ প্রতীক্ষার পর আজ (বৃহস্পতিবার) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিন থেকেই শত শত মানুষ জাদুঘরটি দেখতে ভিড় করেন। তবে উদ্বোধনের প্রথম দিনেই টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন একাধিক দর্শনার্থী। তাদের দাবি, প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ৫০ টাকা আদায় করা হলেও হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শিশুদের জন্য নির্ধারিত ২০ টাকার টিকিট।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন তারা। ভিড় ও তাড়াহুড়ার কারণে অনেকেই টিকিটে লেখা মূল্য খেয়াল করেননি। পরে ভেতরে এসে টিকিট পরীক্ষা করে দেখেন, ৫০ টাকা পরিশোধ করলেও তাদের দেওয়া হয়েছে ২০ টাকার টিকিট। এরপর একই ধরনের অভিযোগ নিয়ে আরও কয়েকজন দর্শনার্থী সামনে আসেন।

দর্শনার্থী সামিউল ইসলাম বলেন, আমি ৫০ টাকা দিয়ে টিকিট কেটেছি। পরে ভেতরে এসে দেখি, টিকিটে ২০ টাকা লেখা। প্রথমে বিষয়টি খেয়াল করিনি। পরে অন্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারি, অনেকের সঙ্গেই একই ঘটনা ঘটেছে। যদি ২০ টাকার টিকিটই দেওয়া হয়ে থাকে, তাহলে অতিরিক্ত নেওয়া টাকার হিসাব কর্তৃপক্ষকে দিতে হবে।

image

তারেক রহমান নামের আরেক দর্শনার্থী বলেন, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে টিকিট নিয়েছিলাম। পরে দেখি, হাতে দেওয়া টিকিটটি শিশুদের জন্য নির্ধারিত ২০ টাকার। অথচ আমার কাছ থেকে নেওয়া হয়েছে ৫০ টাকা। প্রথম দিনেই এমন অভিজ্ঞতা হবে, সেটা ভাবিনি। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

একই অভিযোগ করেন আলাউদ্দিন মোস্তাফিজ। তিনি বলেন, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু আমাকে ২০ টাকার টিকিট দেওয়া হয়েছে। কাউন্টারে ৫০ টাকা নিয়েছে। পরে টিকিট দেখে অবাক হয়েছি। যদি এটি ভুল হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দেওয়া উচিত। আর ইচ্ছাকৃত হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পাশে দাঁড়িয়ে থাকা সাইফ হাসান বলেন, আমি একা নই, আশপাশে আরও অনেককে দেখেছি একই অভিযোগ করতে। অনেকেই বৃষ্টির কারণে টিকিট ভালোভাবে দেখেননি। পরে বুঝতে পেরেছেন, ৫০ টাকা দিলেও হাতে পেয়েছেন ২০ টাকার টিকিট। প্রথম দিনেই এমন ঘটনা হতাশাজনক।

image

ঘটনাস্থলে আরও কয়েকজন দর্শনার্থী অভিযোগ করেন, তাদের কাছ থেকেও ৫০ টাকা নেওয়া হলেও হাতে দেওয়া হয়েছে ২০ টাকার টিকিট। তারা বলেন, এটি যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তাহলে দ্রুত সংশোধন করা উচিত। আর যদি ইচ্ছাকৃতভাবে এমনটি হয়ে থাকে, তাহলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, এটা আমার দায়িত্ব না। ওই পাশে যান। পরে আরেক কর্মচারীর কাছে একই বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, যে অভিযোগ করছে, তাকে নিয়ে আসেন। সিসিটিভি দেখে আমি প্রমাণ করে দেব, কাউকে কম দেওয়া হয়নি।

তবে জাদুঘর কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

এএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর