বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

নদী ও খালপাড় রক্ষায় লাগানো হবে বিন্না ঘাস, রক্ষা হবে পরিবেশের ভারসাম্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

নদী ও খালপাড় রক্ষায় লাগানো হবে বিন্না ঘাস, রক্ষা হবে পরিবেশের ভারসাম্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বিভাগে সভা। ছবি- সংগৃহীত

নদী ও খালের পাড় ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সুরক্ষা এবং সড়ক ও রেললাইনের স্থায়িত্ব বাড়াতে ভারী কংক্রিট ও জিও ব্লকের জায়গায় পরিবেশবান্ধব ও টেকসই ‘বিন্না ঘাস’ ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাসের কার্যকারিতা নিয়ে একটি বিশেষ উপস্থাপনা দেন।

তিনি জানান, দেশের হাওর, চরাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস ব্যবহার করে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। প্রচলিত ব্যয়বহুল কংক্রিটের ব্লকের বিকল্প হিসেবে এই ঘাস কেবল টেকসই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও চমৎকার ভূমিকা রাখে।

পরীক্ষার ইতিবাচক ফলাফল বিবেচনা করে দেশের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে এটি বাস্তবায়নের বিষয়ে সভায় নীতিগত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর